দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট (ডিজিটাল সেবার ওপর মানুষের
আস্থা) নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একইসঙ্গে একটি শক্তিশালী জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি শিল্প এবং মিডিয়া অংশীজনদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘দ্য টিম ফিনিক্স গ্রুপ’ আয়োজিত ‘ফিনিক্স সামিট ২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ আজ দ্রুতগতির প্রযুক্তিনির্ভর ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই রূপান্তরের সাথে সাথে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট আজ জাতীয় অগ্রাধিকারে পরিণত হয়েছে। আর্থিক লেনদেনের নিরাপত্তা বিঘ্নিত হলে বা ডিজিটাল সেবার ওপর আস্থা হারিয়ে গেলে পুরো অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে।
তাই একটি জাতীয় সাইবার প্রতিরোধ ব্যবস্থা এবং দায়িত্বশীল ডিজিটাল রূপান্তর নিশ্চিত করতে সব অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে। সাইবার নিরাপত্তা কেবল প্রাতিষ্ঠানিক কারিগরি বিষয় নয়, এটি সর্বসাধারণের সচেতনতার সাথেও যুক্ত। নাগরিকদের সাইবার অপরাধ ও গুজব সম্পর্কে সচেতন করতে না পারলে ডিজিটাল রূপান্তরের সুফল সবার কাছে পৌঁছানো সম্ভব নয়। এই প্ল্যাটফর্মটি জাতীয় সাইবার নিরাপত্তাকে শক্তিশালী করতে বড় মানদণ্ড হিসেবে কাজ করবে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সবসময় এই ধরনের দূরদর্শী উদ্যোগের পাশে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে শ্যাডোসার্ভার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিওতর কিজেয়স্কি উপস্থিত ছিলেন। এছাড়া সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত বিপুল সংখ্যক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তিবিদ এবং সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এসআর