দেশের বিভিন্ন সরকারি সেবা খাতের মধ্যে পাসপোর্ট সেবায় ঘুষ লেনদেনের হার সবচেয়ে বেশি বলে উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক জরিপে।
সংস্থাটির তথ্যমতে, পাসপোর্টসংক্রান্ত সেবা নিতে গিয়ে উল্লেখযোগ্য সংখ্যক পরিবার ঘুষ দিতে বাধ্য হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ শীর্ষক প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়।
জরিপ অনুযায়ী, পাসপোর্ট সেবা গ্রহণকারীদের মধ্যে ৭৬ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষ প্রদানের অভিজ্ঞতার কথা জানিয়েছে।
এর মধ্যে গ্রামীণ এলাকায় এ হার ৭৯ দশমিক ১ শতাংশ, আর শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়, ঘুষ গ্রহণের হার বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), যেখানে এ হার ৬৩ দশমিক ৫ শতাংশ।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি খাতে সমানভাবে ৪৯ দশমিক ৩ শতাংশ পরিবার ঘুষের শিকার হওয়ার তথ্য দিয়েছে। ভূমি-সংক্রান্ত সেবায় এ হার ৪৭ দশমিক ৬ শতাংশ।
সামগ্রিক চিত্র বিশ্লেষণে টিআইবি জানিয়েছে, দেশের প্রায় দুই-তৃতীয়াংশ পরিবার অন্তত একটি সরকারি সেবা খাতে ঘুষ প্রদানের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। এ হিসাবে মোট ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবার কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছে।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারা সেবাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এসআর