[email protected] বৃহঃস্পতিবার, ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন ২০২৬ ১:১৩ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পসহ পানিসম্পদ খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও চীন।

এ লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের নদী খনন কার্যক্রম, বন্যা ঝুঁকি হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

একই সঙ্গে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের কারিগরি সহযোগিতা কামনা করেন।

জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী বাংলাদেশের পানিসম্পদ উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, এ খাতে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক দীর্ঘদিনের এবং তা গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে উঠেছে।

লি গোওইং ২০০৫ সালে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক স্বাক্ষর এবং গত বছর চীনা বিশেষজ্ঞ দলের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতার আরও সুযোগ রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী নদীভাঙন প্রতিরোধ, কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নৌ-চলাচল সক্ষমতা বাড়াতে চীনের সহায়তা প্রত্যাশা করেন।

চীনা মন্ত্রী জানান, এসব ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগতে পারে। পাশাপাশি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞদের প্রশিক্ষণের জন্য চীনে আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর