[email protected] বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩

মালয়েশিয়ার শ্রমবাজারে অগ্রগতির ইঙ্গিত, জুলাইতেই আসতে পারে ইতিবাচক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন ২০২৬ ৮:৩৮ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের সুফল খুব শিগগিরই দৃশ্যমান হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তার মতে, আগামী জুলাই মাসের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আশাব্যঞ্জক কোনো অগ্রগতি বা ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

 

বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

মন্ত্রী জানান, মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, কর্মসংস্থান এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে এবং শ্রমবাজার সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

 

তিনি আরও জানান, আগামী মাসে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। এ সফরের মাধ্যমে চলমান আলোচনা ও উদ্যোগগুলো আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার মানোন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশফেরত ও বিদেশগামী যাত্রীদের সুবিধা বাড়াতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশেষভাবে বয়স্ক, অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য সহায়ক সেবা, লাগেজ ব্যবস্থাপনা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

তিনি বলেন, বিমানবন্দরে যাত্রীদের হয়রানি কমানো এবং সেবা সহজ করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, রাতের ফ্লাইটের যাত্রীদের নিরাপদ যাতায়াত এবং শিশুদের জন্য আলাদা বিনোদনকেন্দ্র বা ‘কিডস জোন’ স্থাপনের বিষয়ও বিবেচনায় রয়েছে।

 

মন্ত্রী জানান, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতা বরদাশত করা হবে না। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম এমন একটি কার্যকর ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।

 

কাতারে সাম্প্রতিক ঘটনায় নিহত বাংলাদেশিদের বিষয়ে মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার কাজ করছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

 

পরিদর্শনকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর