চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে।
বুধবার স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। অভ্যর্থনা অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দেশটির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রী চীনের দালিয়ান শহর থেকে উচ্চগতির ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন। সফরসঙ্গী হিসেবে মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বেইজিংয়ে যাওয়ার আগে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নেন সরকারপ্রধান। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা, অর্থায়ন এবং যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের ফাঁকে ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী আলোইস জভিংগির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ডব্লিউইএফের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।
উল্লেখ্য, মালয়েশিয়ায় সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার চীনে পৌঁছান। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফর তার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
এসআর