[email protected] মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩

দীর্ঘ চার মাসের উৎকণ্ঠা শেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ১০:০১ এএম

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রায় চার মাসের অনিশ্চয়তা ও উদ্বেগ কাটিয়ে অবশেষে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রমণ

 করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। আজ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টার দিকে জাহাজটি এই নৌপথ পাড়ি দেয় এবং বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। বিএসসি সূত্রে জানা গেছে, দীর্ঘ অপেক্ষার পর জাহাজটি এখন তার পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখবে এবং জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্যের সবাই সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ রয়েছেন।

​চলতি বছরের ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশের পর থেকেই জাহাজটির যাত্রাপথে জটিলতা শুরু হয়। পরবর্তীতে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছানোর পর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরানের পাল্টা পদক্ষেপে আঞ্চলিক সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা ঝুঁকির মুখে ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যত পারস্য উপসাগরে আটকা পড়ে জাহাজটি।

গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর কুয়েত যাওয়ার পূর্বপরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে বিএসসি তা পরিবর্তন করে এবং সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিতে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে পাঠানোর সিদ্ধান্ত নেয়; তবে হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় জাহাজটি দীর্ঘ সময় রাস আল খায়ের বন্দরেই অপেক্ষায় থাকতে বাধ্য হয়েছিল।

এসআর

সম্পর্কিত খবর