বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতার আওতায় সুরমা, কুশিয়ারা, তিস্তাসহ বিভিন্ন আন্তঃসীমান্ত নদীর রিয়েল-টাইম
(তাৎক্ষণিক) বন্যা ও বৃষ্টিপাতের তথ্য সরবরাহ অব্যাহত রেখেছে ভারত। সাম্প্রতিক ভারী বর্ষণে দেশের সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার মধ্যে দুই দেশের এই তথ্য আদান-প্রদান ব্যবস্থা আরও জোরদার হয়েছে।
যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ প্রধান নদীগুলোর পানির উচ্চতা ও পূর্বাভাসের তথ্য পাওয়ায় বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) সময়মতো সতর্কতা জারি ও প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে।
২০২২ সালে দুই দেশের সিদ্ধান্ত অনুযায়ী বন্যা তথ্য শেয়ারিংয়ের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয় এবং ২০২৩ সাল থেকে আনুষ্ঠানিক চিঠিপত্রের পাশাপাশি দ্রুত তথ্য বিনিময়ের জন্য তাৎক্ষণিক মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এবং পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্ত অঞ্চলের এই আগাম তথ্য বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসআর