[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩

স্পিকারের সাথে সুইজারল্যান্ড ও ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন ২০২৬ ৮:৩৭ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন

 সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেলিং এবং ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী। সোমবার (২২ জুন) সংসদে অনুষ্ঠিত এই দুই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সরাসরি বিমান ফ্লাইট চালু, সংসদীয় অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

​সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত বর্তমান সংসদকে কার্যকর করে তোলায় স্পিকারের ভূমিকার প্রশংসা করেন। স্পিকার বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী এই সংসদ জনগণের পূর্ণ আস্থা অর্জন করে তার মেয়াদ পূরণ করবে।

তিনি বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে সুইজারল্যান্ডকে পাশে থাকার আহ্বান জানান এবং সংসদীয় অভিজ্ঞতা বিনিময়ের জন্য আন্তঃসংসদীয় টিম গঠনের প্রস্তাব দেন। জবাবে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা খাতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানান।

​অন্যদিকে, ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু এবং দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ ১ বিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়। ইরানি রাষ্ট্রদূত সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল, ইউরিয়া সার ও খাদ্যসামগ্রী বাংলাদেশে রপ্তানির প্রস্তাব দেন এবং বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে আগ্রহ প্রকাশ করেন।

পাশাপাশি, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশ সংসদে শোক প্রস্তাব পাস করায় তিনি স্পিকারকে ধন্যবাদ জানান। স্পিকারও দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এসআর

সম্পর্কিত খবর