[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩

ছয় জেলায় সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন ২০২৬ ৮:০৬ পিএম

সংগৃহীত ছবি

সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের ছয়টি এলাকায় সেনাবাহিনীর নির্দিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।

সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশ করা হয়েছে এবং এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন।

 

সরকারি নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই ক্ষমতা কার্যকর থাকবে।

 

এ সুবিধার আওতায় সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একইসঙ্গে কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এ প্রেষণে কর্মরত সমমর্যাদার কর্মকর্তারাও এই ক্ষমতা ভোগ করবেন।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর সংশ্লিষ্ট ধারার আওতায় নির্ধারিত বিভিন্ন অপরাধ ও আইনশৃঙ্খলাজনিত বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা পাবেন। এর মধ্যে জনশৃঙ্খলা রক্ষা, অবৈধ সমাবেশ নিয়ন্ত্রণ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইন প্রয়োগসংক্রান্ত বেশ কিছু বিধান অন্তর্ভুক্ত রয়েছে।

 

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য এই ব্যবস্থা কার্যকর থাকবে এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট বাহিনীগুলো প্রশাসনকে সহায়তা করবে।

এসআর

সম্পর্কিত খবর