দুই দিনের মালয়েশিয়া সফর সম্পন্ন করে চীনের দালিয়ান শহরের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি রওনা হন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে দুই দিন কাটানোর পর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার সরকারি সফরের মূল কার্যক্রম শুরু হবে।
সফরের অংশ হিসেবে দালিয়ানে অনুষ্ঠিতব্য বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সম্মেলনে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী ও আন্তর্জাতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ ভিআইপি টার্মিনালে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকাও সেখানে উপস্থিত ছিলেন।
চীনে এই সফরকে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এসআর