দিনভর তাপদাহ ও ভ্যাপসা আবহাওয়ার পর রাজধানী ঢাকায় বিকেলের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গেলেও কর্মদিবসের শেষ সময়ে রাস্তায় চলাচলকারী মানুষের দুর্ভোগ বেড়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। ধানমন্ডি, ফার্মগেট, কলাবাগান, বাংলামোটরসহ শহরের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে।
বৃষ্টির প্রভাবে বেশ কয়েকটি সড়কে যানবাহনের চলাচল ধীর হয়ে পড়ে। অফিস ছুটির সময় হওয়ায় অনেক কর্মজীবী মানুষ ও পথচারী বৃষ্টির মধ্যে পড়েন। কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হয়, ফলে ঘরে ফিরতে অতিরিক্ত সময় ব্যয় করতে হয়েছে অনেককে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া আগামী সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
এসআর