[email protected] বৃহঃস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

বগুড়ার তিন নতুন ইউনিয়নের নাম পুনর্বিবেচনার নির্দেশ, স্থানীয় মতামতের ভিত্তিতে হবে পুনর্নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুন ২০২৬ ৯:৩৯ পিএম

সংগৃহীত ছবি

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার কয়েকটি নতুন ইউনিয়নের নাম নিয়ে বিতর্কের পর সেগুলোর নাম পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হয়েছে।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামে গঠিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে স্থানীয় জনগণের মতামত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে এলাকার ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচয় ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দিতে বলা হয়েছে।


জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। নতুন নাম চূড়ান্ত হলে প্রচলিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে তা সরকারি গেজেটের মাধ্যমে প্রকাশ করা হবে।


এর আগে জুন মাসে প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় কয়েকটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। ওই সময় ঘোষিত কয়েকটি ইউনিয়নের নাম স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অভিযোগ ওঠে, নামগুলোর সঙ্গে একজন প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামের মিল রয়েছে।


বিষয়টি স্থানীয় পর্যায় ছাড়িয়ে জাতীয় পর্যায়েও আলোচনার সৃষ্টি করে। এ নিয়ে সংসদসহ বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং সংবাদমাধ্যমেও ব্যাপক প্রতিবেদন প্রকাশিত হয়।


তবে ‘স্বর্ণগ্রাম’ নামে আরেকটি ইউনিয়ন নিয়ে এখনও আলোচনা অব্যাহত রয়েছে। স্থানীয়দের একটি অংশের দাবি, অন্যান্য বিতর্কিত নাম পুনর্বিবেচনার আওতায় এলেও ওই ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।


এদিকে একটি পুরোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েও নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট মহল থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে ব্যক্তিনির্ভর সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।


অন্যদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তার নাম ব্যবহার করে বিভিন্ন মহল বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি ব্যক্তিনামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের বিষয়ে আপত্তি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন বলেও তার দপ্তর সূত্রে উল্লেখ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর