সুইজারল্যান্ডের ব্যাংকিং খাতে বাংলাদেশি উৎসের অর্থের পরিমাণ ২০২৫ সালে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের মোট আমানত প্রায় ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁতে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকার সমপরিমাণ।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে আমানতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগের বছরে যেখানে বাংলাদেশি আমানতের পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ, সেখানে এক বছরের ব্যবধানে তা কয়েকশ কোটি ফ্রাঁ বৃদ্ধি পেয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, নতুন যুক্ত হওয়া অর্থের পরিমাণ ৩ হাজার ৬০০ কোটি টাকারও বেশি।
বিশ্লেষণে দেখা যায়, এ বৃদ্ধির প্রধান কারণ ব্যক্তি নয়, বরং বাংলাদেশের ব্যাংকগুলোর নামে সুইস ব্যাংকে রাখা অর্থ। ২০২৫ সালে বাংলাদেশি ব্যাংকগুলোর আমানত ৮২২ মিলিয়ন সুইস ফ্রাঁ ছাড়িয়ে গেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেশি।
ফলে সুইস ব্যাংকে বাংলাদেশি উৎসের মোট আমানতের প্রায় পুরো অংশই এখন ব্যাংকিং খাতের মাধ্যমে জমাকৃত অর্থ। কয়েক বছর আগে যেখানে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আমানতের মধ্যে তুলনামূলক ভারসাম্য ছিল, বর্তমানে ব্যাংকগুলোর অংশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে ব্যক্তিগত হিসাবধারীদের আমানতে সামান্য পতন লক্ষ্য করা গেছে। সর্বশেষ তথ্যে দেখা যায়, ব্যক্তি পর্যায়ে রাখা অর্থ আগের বছরের তুলনায় কিছুটা কমেছে।
সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে প্রকাশিত এই তথ্য আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় বাংলাদেশি আমানতের সাম্প্রতিক প্রবণতার একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে।
এসআর