জাতীয় সংসদে অধিবেশন চলাকালে সদস্যদের স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানানোর ক্ষেত্রে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুসরণের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ অধিবেশনে দেওয়া এক রুলিংয়ে তিনি বলেন, কার্যপ্রণালি বিধি অনুযায়ী সংসদ সদস্যদের কক্ষে প্রবেশ, প্রস্থান এবং আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তবে বর্তমানে বিধিতে মাথা নত করে সম্মান জানানোর কোনো বাধ্যবাধকতা নেই।
বিষয়টি আলোচনায় আসে গত ১৬ জুন, যখন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত রীতি নিয়ে আপত্তি তোলেন।
তার বক্তব্য ছিল, এ ধরনের আচরণ ইসলামী দৃষ্টিকোণ থেকে বিতর্কিত এবং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এর পরিপ্রেক্ষিতে স্পিকার কার্যপ্রণালি বিধি পর্যালোচনার আশ্বাস দেন। বৃহস্পতিবার তিনি জানান, অষ্টম জাতীয় সংসদের সময় বিধির সংশোধনের মাধ্যমে ২৬৭(১) ধারায় থাকা ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল। সংসদের স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে এ সংশোধন গৃহীত হয়।
রুলিংয়ের শেষে স্পিকার সদস্যদের উদ্দেশে বলেন, যেহেতু বিধিতে মাথা ঝুঁকানোর বিষয়টি আর নেই, তাই প্রত্যেকে নিজের ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করতে পারবেন।
এসআর