[email protected] বৃহঃস্পতিবার, ১৮ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩

বিমানবন্দরে এমপিদের দেখে বিস্মিত প্রধানমন্ত্রী, বললেন ‘সংসদে যান’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুন ২০২৬ ৯:১৫ পিএম

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কর্মসূচিতে অংশ নিতে সিলেটে পৌঁছে স্থানীয় সংসদ সদস্যদের বিমানবন্দরে উপস্থিত দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় তিনি তাদের সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার পরামর্শ দেন।

 

বুধবার (১৭ জুন) সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

 

স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য জি কে গৌছ, এমরান আহমদ চৌধুরী, আব্দুল মালেক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা পরিষদের প্রশাসক আবুল খায়ের শামীম।

 

এ সময় সিলেট ও হবিগঞ্জ জেলার কয়েকজন সংসদ সদস্যকে বিমানবন্দরে দেখে প্রধানমন্ত্রী জানতে চান, সংসদের অধিবেশন চলমান থাকা সত্ত্বেও তারা সেখানে কেন উপস্থিত। তিনি বলেন, সংসদে দায়িত্ব পালনের বিষয়টিই অগ্রাধিকার হওয়া উচিত এবং তাদের সংসদে যাওয়ার পরামর্শ দেন।

 

প্রধানমন্ত্রীর এ মন্তব্যের পর সংশ্লিষ্ট সংসদ সদস্যরা বিমানবন্দর ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে রওনা হন।

 

এদিকে শ্রীমঙ্গলের পথে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। চৌকিদেখি এলাকার লাক্কাতুড়া চা বাগানসংলগ্ন সড়কে চা শ্রমিকরা বাদ্যযন্ত্র বাজিয়ে এবং ফুল ছিটিয়ে তাকে অভ্যর্থনা জানান।

 

এ ছাড়া সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক মানুষ সড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও চলন্ত গাড়ি থেকে হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন।

 

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনে অংশ নেওয়ার উদ্দেশ্যেই তার এই সফর অনুষ্ঠিত হয়।

এসআর

সম্পর্কিত খবর