মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড় এবার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা অর্জন করেছে।
সম্প্রতি জিআই নিবন্ধন সনদ প্রদান করা হয়, যেখানে ‘মানিকগঞ্জের হাজারী গুড়’কে স্বতন্ত্র ভৌগোলিক পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই স্বীকৃতির খবরে জেলার উৎপাদক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলে উৎপাদিত হাজারী গুড় বহু বছর ধরে স্বাদ, ঘ্রাণ এবং মানের জন্য পরিচিত। খেজুরের উৎকৃষ্ট রস থেকে প্রথাগত পদ্ধতিতে তৈরি হওয়া এই গুড় দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক জনপ্রিয়। শুধু দেশেই নয়, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের কাছেও এর চাহিদা রয়েছে।
স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা হাজারী গুড়কে অনেকেই মানিকগঞ্জের পরিচয়ের অংশ হিসেবে মনে করেন। প্রায় দুই শতাব্দীর পুরোনো এই খাদ্যপণ্য এখন জিআই স্বীকৃতির মাধ্যমে নতুন মর্যাদা লাভ করল।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি পণ্যের ব্র্যান্ড মূল্য বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি রপ্তানির সুযোগ সম্প্রসারিত হওয়ায় স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীরাও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।
এছাড়া উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ কার্যক্রম বিস্তৃত হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এ খাতের সঙ্গে জড়িত কারিগর ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিআই নিবন্ধন প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের পাশাপাশি এলাকার জনপ্রতিনিধিদেরও ভূমিকা ছিল। দীর্ঘদিনের প্রচেষ্টার পর কাঙ্ক্ষিত স্বীকৃতি অর্জন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।
জিআই সনদ পাওয়ার মাধ্যমে মানিকগঞ্জের হাজারী গুড় এখন দেশীয় ঐতিহ্যের একটি স্বীকৃত প্রতীক হিসেবে নতুন পরিচিতি লাভ করল এবং বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পেল।
এসআর