[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ৬:১৬ পিএম

সংগৃহীত ছবি

দেশজুড়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে ধাপে ধাপে আয়োজনের পরিকল্পনা করছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বাজেট বরাদ্দ ও প্রস্তুতির বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।

প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোট অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের সব সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।


সংসদে আরেক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলা পরিষদে সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য একটি করে পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিটি উপজেলা পরিষদের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।


ঢাকার পানি সরবরাহ বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজধানীতে প্রতিদিন কয়েকশ কোটি লিটার পানির চাহিদা রয়েছে এবং ঢাকা ওয়াসা সেই চাহিদা পূরণে কাজ করছে। আধুনিক প্রযুক্তি ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পানি পরিশোধনের পর নিয়মিত পরীক্ষার মাধ্যমে গুণগত মান নিশ্চিত করে সরবরাহ করা হচ্ছে।


বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে নিয়োজিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক চুক্তির আওতায় আনার কাজ চলছে। এ প্রক্রিয়া শেষ হলে আরও পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য পরিবহনের ব্যবস্থা করা হবে।


জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি জানান, নতুন সফটওয়্যার সংস্করণ তৈরির কাজ চলছে। এতে অনলাইন পেমেন্ট এবং ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার থাকবে, ফলে তথ্য পরিবর্তনের ইতিহাস সহজেই শনাক্ত করা যাবে এবং সেবার স্বচ্ছতা বৃদ্ধি পাবে।


অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সংসদে জানান, তরুণদের মোবাইল ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন জেলায় সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে। নিবন্ধিত যুব সংগঠনগুলোর অংশগ্রহণে নিয়মিত প্রচারণা ও প্রশিক্ষণ কার্যক্রমও চালানো হচ্ছে।


তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে বিশেষ প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে।

এসআর

সম্পর্কিত খবর