রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কর্মসূচি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
প্রথম ধাপে এক হাজার কর্মীকে এ সুবিধার আওতায় আনা হয়েছে। কার্ডধারীরা নির্ধারিত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে অথবা বিশেষ ছাড়ে চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
মঙ্গলবার নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম কর্মীদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেন। এ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সহযোগী সংস্থা অংশ নিয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, সাজিদা ফাউন্ডেশন ও রেকিটের সহযোগিতায় দেশের প্রায় ৪৫০টি হাসপাতালের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রায় ছয় হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা পাবেন। সেবার ধরন অনুযায়ী চিকিৎসা ব্যয়ে ৫০ শতাংশ থেকে শতভাগ পর্যন্ত ছাড়ের সুযোগ থাকবে।
এ ছাড়া চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সহায়তায় কোনো কর্মী বা তার পরিবারের সদস্যের মৃত্যু হলে নির্ধারিত আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে।
বক্তারা বলেন, নগর পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাদের কল্যাণে গৃহীত এ ধরনের উদ্যোগ জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে।
ডিএসসিসি প্রশাসক তার বক্তব্যে বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের পরিশ্রমেই রাজধানীর পরিবেশ বাসযোগ্য থাকে। দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করা এ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মানবিক ও সামাজিক দায়িত্বের অংশ।
তিনি আরও উল্লেখ করেন, নিম্নআয়ের শ্রমজীবী মানুষের জন্য সহজ চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন।
অনুষ্ঠানে কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে জ্যাকেট, গ্লাভস, সুরক্ষিত জুতা ও অন্যান্য সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
ডিএসসিসি প্রশাসক নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত সময় ও স্থানে বর্জ্য ফেলা এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন আচরণ ছাড়া একটি পরিষ্কার ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তাসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর