[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

পরীমণির অভিযোগে পুলিশ কর্মকর্তা সাকলায়েনের বাধ্যতামূলক অবসরের প্রক্রিয়া চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ৪:০৯ পিএম

সংগৃহীত ছবি

পুলিশের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সংক্রান্ত সারসংক্ষেপে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে এবং পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে প্রজ্ঞাপন জারি করা হবে।

 

বিষয়টির সূত্রপাত ২০২১ সালে একটি আলোচিত মামলার তদন্তকে কেন্দ্র করে। ওই সময় চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন গোলাম সাকলায়েন। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে তাদের ব্যক্তিগত যোগাযোগ ও ঘনিষ্ঠতা নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

 

অভিযোগ ওঠার পর সাকলায়েনকে ডিবি থেকে অন্যত্র বদলি করা হয় এবং ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বিভাগীয় শাস্তির আওতায় এনে সরকারি কর্মকমিশনের মতামত চায়।

 

তদন্তে মোবাইল কল রেকর্ড, ডিজিটাল যোগাযোগের তথ্য এবং অন্যান্য উপাত্ত পর্যালোচনা করা হয়। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, সংশ্লিষ্ট অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক পেশাগত সীমার বাইরে গিয়েছিল এবং একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার জন্য তা শৃঙ্খলাবিধির পরিপন্থী।

 

বিভাগীয় তদন্তে আরও বলা হয়, সরকারি দায়িত্ব পালনের বাইরে তাদের মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত যোগাযোগ ছিল, যা সরকারি চাকরিজীবীর আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের কর্মকাণ্ড সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আওতায় ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা পরিচালিত হয়। অভিযুক্ত কর্মকর্তা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলেও কর্তৃপক্ষ তার ব্যাখ্যাকে সন্তোষজনক বলে মনে করেনি। সবদিক বিবেচনায় তাকে গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ অনুমোদিত হয়েছে।

 

তবে এ বিষয়ে গোলাম সাকলায়েন বা চিত্রনায়িকা পরীমণির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর