ব্যস্ত জীবনে অনেকেই একসঙ্গে বেশি খাবার রান্না করে ফ্রিজে সংরক্ষণ করেন, তবে ফ্রিজে তোলার
আগে খাবার ঘরের তাপমাত্রায় কতক্ষণ রাখা নিরাপদ তা জানা জরুরি। বিভিন্ন খাদ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) মতে, ৪.৪ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো ‘ডেঞ্জার জোন’, যেখানে খাবারে ব্যাকটেরিয়া সবচেয়ে দ্রুত বংশবৃদ্ধি করে। তাই রান্না করা বা বেঁচে যাওয়া খাবার স্বাভাবিক ঘরের তাপমাত্রায় সর্বোচ্চ দুই ঘণ্টার বেশি রাখা উচিত নয়। তবে ঘরের বা বাইরের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে খাবার এক ঘণ্টার মধ্যেই ঠান্ডা করে ফ্রিজে তুলে ফেলা প্রয়োজন। ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রায় খাবার সংরক্ষণ করতে হবে এবং ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় খাবার গরম রাখতে বেইন-মেরি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।
বিশেষ করে ডিম, মাংস, পোলট্রি, মাছ, ভাত, সামুদ্রিক মাছ-চিংড়ি ও অঙ্কুরিত বীজের মতো খাবারে ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত ছড়ায়। খাবারে ব্যাকটেরিয়ার উপস্থিতি সবসময় খালি চোখে দেখা যায় না বা এর স্বাদ ও গন্ধ থেকেও বোঝা যায় না, তাই দেখতে ভালো থাকলেও দীর্ঘ সময় বাইরে থাকা খাবার খেলে খাদ্যে বিষক্রিয়া, বমি, ডায়রিয়া, পেটব্যথা ও জ্বর হতে পারে। খাদ্য নিরাপদ রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কিছু প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে; যেমন—খাবার ভালোভাবে রান্না করা, প্রয়োজনে একবারে ততটুকুই রান্না করা যা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলা যায়, কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা, রান্নাঘর ও হাত সাবান দিয়ে পরিষ্কার রাখা এবং রান্নায় নিরাপদ পানি ব্যবহার করা। সর্বাপরি, রান্না করা খাবার দীর্ঘ সময় টেবিলে ফেলে না রেখে দ্রুত ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করাই স্বাস্থ্য সুরক্ষার প্রধান উপায়।
এসআর