[email protected] সোমবার, ১৩ জুলাই ২০২৬
২৯ আষাঢ় ১৪৩৩

সবার জন্য সব ফল নয়: ৩ রোগে ফল খাওয়ার সতর্কতা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ ৮:৪৬ এএম

সংগৃহীত ছবি

ফল প্রকৃতির এক অনন্য আশীর্বাদ এবং মানবশরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে সবার

 শারীরিক অবস্থা এক নয়। নির্দিষ্ট কিছু রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপকারী ভেবে যেকোনো ফল খাওয়া মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ডায়াবেটিস, কিডনি এবং আইবিএস (পেটের রোগ) রোগীদের ক্ষেত্রে ভুল ফল নির্বাচন উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে। তাই এসব রোগে আক্রান্তদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফল খাওয়া উচিত।

​১. ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কতা:

​অনেকের ধারণা ফলের মিষ্টি প্রাকৃতিক হওয়ায় তা ডায়াবেটিস রোগীর ক্ষতি করে না, যা সম্পূর্ণ ভুল। ফলের শর্করা বা ফ্রুক্টোজ রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে।

​যেসব ফল এড়িয়ে চলবেন বা সাবধানে খাবেন: পাকা আম, কাঁঠাল, পাকা কলা, লিচু, আতা ফল, খেজুর এবং কিসমিস। এগুলোর গ্লাইসেমিক ইনডেক্স বেশি হওয়ায় রক্তে সুগারের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়।

​যেসব ফল খাওয়া যাবে: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে আপেল, পেয়ারা, নাশপাতি, জাম বা জামরুল খাওয়া যেতে পারে।

​২. কিডনি রোগীদের জন্য ফল যেন 'নীরব ঘাতক':

​কিডনি দুর্বল হলে শরীর থেকে বাড়তি খনিজ ও বর্জ্য পদার্থ বের হতে পারে না। ফলে সাধারণ মানুষের মতো কিডনি রোগীরা সব ফল খেতে পারেন না।

​যেসব ফল ঝুঁকিপূর্ণ: কলা, ডাবের পানি, কমলালেবু, মালটা, আঙুর, আমড়া এবং শুকনো ফল। এগুলোতে প্রচুর পটাশিয়াম থাকে, যা রক্তে বেড়ে গেলে বুক ধড়ফড় করা থেকে শুরু করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।

​সবচেয়ে মারাত্মক ফল: কামরাঙা। এতে থাকা বিশেষ টক্সিন কিডনি রোগীকে সরাসরি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। কিডনি রোগীদের রক্ত পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসকের নির্দেশিত ফলই শুধু খাওয়া উচিত।

​৩. আইবিএস বা সংবেদনশীল পেটের সমস্যা:

​আইবিএস (IBS) রোগীদের পরিপাকতন্ত্র অত্যন্ত সংবেদনশীল হওয়ায় কিছু ফল খেলে পেটে তীব্র গ্যাস, পেট ফাঁপা, ব্যথা বা পাতলা পায়খানা হতে পারে।

​যেসব ফল সমস্যা বাড়ায়: আপেল, নাশপাতি, তরমুজ, চেরি, পিচ এবং যেকোনো অতিরিক্ত মিষ্টি ফল বা ফলের রস। এগুলোকে 'হাই-ফডম্যাপ' খাবার বলা হয়, যা সহজে হজম হয় না এবং পেটে গ্যাস তৈরি করে।

​যেসব ফল নিরাপদ: পাকা পেঁপে, পাকা কলা, ডালিম কিংবা লেবুর রস। এগুলো 'লো-ফডম্যাপ' খাবার হওয়ায় পেটে সহজে অস্বস্তি তৈরি করে না।

এসআর

সম্পর্কিত খবর