শরীরের গঠন, বৃদ্ধি এবং অভ্যন্তরীণ কার্যকারিতা ঠিক রাখতে প্রোটিনের ভূমিকা অপরিসীম।
দৈনিক খাবারের তালিকা থেকে প্রোটিন বাদ দিয়ে সুস্থ থাকা অসম্ভব। তাই কোন কোন খাবারে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়, তা জেনে ডায়েট চার্ট তৈরি করা উচিত। নিচে উচ্চ প্রোটিনসমৃদ্ধ প্রধান কয়েকটি খাবারের তালিকা দেওয়া হলো:
চর্বিহীন মাংস ও ডিম
মুরগি, টার্কি, গরু এবং খাসির চর্বিহীন মাংস উচ্চমানের প্রোটিনের অন্যতম প্রধান উৎস। মাংসের পাশাপাশি এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন ও জিঙ্ক থাকে। অন্যদিকে, ডিমকে বলা হয় প্রোটিনের একটি সম্পূর্ণ উৎস; কারণ এতে শরীরের জন্য প্রয়োজনীয় সব ধরনের অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান। এছাড়া ডিমে ভিটামিন, খনিজ, স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায়।
মাছ ও দুগ্ধজাত পণ্য
মাছ থেকে শুধু ভালো মানের প্রোটিনই পাওয়া যায় না, এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে। এ জন্য স্যামন, ট্রাউট বা অ্যাঙ্কোভিসের মতো কম মিথাইলমার্কারিযুক্ত সামুদ্রিক মাছ খাওয়া বেশ উপকারী। পাশাপাশি দুধ, পনির এবং টক দই প্রোটিনের বড় উৎস। এসব দুগ্ধজাত খাবার থেকে প্রোটিনের সাথে প্রচুর ক্যালসিয়াম, ভিটামিন ও প্রয়োজনীয় খনিজ উপাদান পাওয়া যায়।
ডাল, বীজ ও বাদাম জাতীয় খাবার
উদ্ভিদ-ভিত্তিক প্রোটিনের মধ্যে মসুর ডাল, ছোলা, সয়াবিন, রাজমা, মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের শিম অন্যতম। এগুলোতে প্রোটিনের পাশাপাশি ফাইবার, ফোলেট, পটাসিয়াম ও আয়রন থাকে। এছাড়া আমন্ড, আখরোট, চিনাবাদাম, চিয়া সিড, কুমড়োর বীজ ও পিনাট বাটারও প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটের ভালো উৎস। তবে বাদামে ক্যালোরির পরিমাণ বেশি থাকায় এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত।
এসআর