নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের কর্মসূচি বা তৎপরতা সহ্য করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিবিপ্রধান।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং তাকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, আইন অনুযায়ী যেসব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সেগুলো পরিচালনার কোনো সুযোগ দেওয়া হবে না।
বিশেষ করে ঢাকা মহানগরীতে বসবাসকারী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি বলেন, নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড যাতে পরিচালিত হতে না পারে, সে বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ দলের তৎপরতা ঠেকাতে আইন অনুযায়ী অভিযান ও গ্রেফতার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এসআর