আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ নামে নতুন কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট বাহিনীগুলো নিজেদের মধ্যে সমন্বয় করে অভিযান পরিচালনা করবে।
তবে এর জন্য নতুন করে কোনো যৌথ বাহিনী গঠন করা হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, ‘অপারেশন ক্লিন হার্ট’ পরিচালনার কোনো পরিকল্পনা সরকারের নেই।
দায়িত্ব পালনে কোনো সদস্যের অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শুধু দায়িত্ব থেকে প্রত্যাহার নয়, প্রমাণিত অপরাধের ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ‘ক্রিমিনাল অফেন্স’-এর মামলাও করা হচ্ছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ডিসেম্বরকে বিজয়ের মাস উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ সময়ে কোনো অপশক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তর প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী বাহিনীটির জন্য পরিকল্পিত ও উপযুক্ত স্থানে নিজস্ব সদর দপ্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য গণপূর্ত মন্ত্রণালয় থেকে তিন একরের বেশি জমি বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে আধুনিক ও বড় পরিসরের অবকাঠামো নির্মাণ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে দেশের সবচেয়ে বড় ফোর্স হিসেবে উল্লেখ করেন।
জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটির ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে বাহিনীর আর্থিকসহ অন্যান্য পর্যায়ের দাবিদাওয়া ধাপে ধাপে পূরণের আশ্বাস দেন।
ঢাকার যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।
এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরছে।
সড়ক খনন ও নির্মাণকাজের কারণে যাতে দীর্ঘস্থায়ী যানজট সৃষ্টি না হয়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পুরো সড়ক একসঙ্গে খনন না করে ধাপে ধাপে কাজ শেষ করে দ্রুত তা পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর