[email protected] সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৮ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সংসদ সদস্যের এমপি হোস্টেলের ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামকে হেফাজতে নেওয়া হয়।

একই সময় তার প্রথম স্ত্রী মাকসুদা খানমকেও পুলিশ হেফাজতে নেয়।

রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, মরিয়মের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের পাশাপাশি আত্মহত্যার ঘটনা হলে এর পেছনে কোনো ধরনের প্ররোচনা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা খানমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে রোববার সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার আওতাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (অ্যাডমিন) মো. ফজলুল করিমও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা বিষয়টি তদন্ত করছেন।

আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন এমপি

এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে আলোচনায় এসেছিলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

ওই ঘটনার পর নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, নৈতিক স্খলনের দায়ে তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর