[email protected] মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৪ পিএম

সংগৃহীত ছবি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এ আবেদন করা হয়েছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত আবেদন পাঠিয়ে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান রুমিন ফারহানা।

 

আবেদনে রুমিন ফারহানা অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে উদ্দেশ করে একটি আপত্তিকর ও মানহানিকর স্ট্যাটাস প্রকাশ করেন। সেখানে তাকে ‘লেডি মীরজাফর’সহ বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, একজন সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য শুধু একজন নারী সংসদ সদস্যের জন্য অপমানজনক নয়, বরং এতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি এবং পেশাগত মর্যাদাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

রুমিন ফারহানার দাবি, রাষ্ট্রপক্ষের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে পেশাগত শিষ্টাচার বজায় রাখা উচিত। এ ধরনের শিষ্টাচারবহির্ভূত বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও আবেদনে উল্লেখ করা হয়।

 

অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের প্রতি অনুরোধ জানিয়েছেন রুমিন ফারহানা।

এসআর

সম্পর্কিত খবর