চট্টগ্রাম নগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, তারা একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত।
অভিযানে তাদের কাছ থেকে বিপুলসংখ্যক মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনে যৌথ অভিযান চালায় নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও খুলশী থানা-পুলিশ।
শুক্রবার বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সল আহম্মদ।
পুলিশ জানায়, গ্রেপ্তার বিদেশিরা ওই ভবনের ১৪টি ফ্ল্যাট প্রায় দেড় মাস ধরে ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিলেন। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণার নেটওয়ার্ক পরিচালনার তথ্য পাওয়া গেছে।
এ কাজে সহায়তা করতে দেশীয় একটি চক্রও সক্রিয় রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের সহযোগীরা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা দেশের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আর্থিক জালিয়াতি, অবৈধভাবে অর্থ আত্মসাৎ এবং অনুমোদনহীন ই-ট্রানজেকশনের মতো কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার ৬৩ বিদেশির মধ্যে ৩৫ জন লাওসের, ২১ জন পাকিস্তানের, পাঁচজন চীনের এবং নেপাল ও ভিয়েতনামের একজন করে নাগরিক রয়েছেন। পুলিশের দাবি, গ্রেপ্তার কারও কাছেই বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি।
অভিযানে তাদের ব্যবহৃত ফ্ল্যাটগুলো থেকে ১৩৪টি মোবাইল ফোন, একটি অ্যাপল ট্যাব, ৫৭টি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, একটি সিপিইউ, একটি স্যামসাং মনিটর, একটি কিবোর্ড, একটি মাউস, একটি প্রিন্টার, পাঁচটি পেনড্রাইভ ও চারটি সিমকার্ড জব্দ করা হয়। এছাড়া তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র এবং একটি কম্বোডিয়ান এমপ্লয়মেন্ট কার্ডও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসআর