[email protected] শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৭ এএম

সংগৃহীত ছবি

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা প্রায় ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাঁচটি করবর্ষের আয়কর সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে করা দুটি রিটের রুল খারিজ করে বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের আয়কর দাবি নিয়ে প্রতিষ্ঠানটি ২০১৭ সালে পৃথক দুটি রিট আবেদন করে। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন।

এর আগে গত বছরের ৪ অক্টোবর ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ।

বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই সিদ্ধান্ত দেন।

একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য আসে।

নতুন বেঞ্চে মামলাটির পুনর্মূল্যায়ন শেষে বৃহস্পতিবার রুল খারিজ করে দেওয়া হয়। ফলে এনবিআরের কর দাবিই বহাল থাকল এবং গ্রামীণ কল্যাণের কাছ থেকে সংশ্লিষ্ট আয়কর আদায়ের আইনগত সুযোগ তৈরি হলো।

রায়ের পর গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর সাংবাদিকদের বলেন, এনবিআরের কর দাবিকে চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে আবেদন করেছিলেন।

আদালত সেই রুল খারিজ করে দেওয়ায় এনবিআরের দাবিই বহাল রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর