প্রতারণার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
উচ্চ আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনি জটিলতা ছিল না বলে এর আগে জানিয়েছিলেন তার আইনজীবী।
গত রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদিশা সিদ্দিককে জামিন দেন। আদালতের আদেশের কপি কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে মঙ্গলবার তাকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম জানান, জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সেগুলো যাচাই করা হয়। পরে বিকেল ৫টা ১২ মিনিটে বিদিশা সিদ্দিককে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডের পর বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়। ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
২০০৮ সালে দায়ের হওয়া ওই প্রতারণার মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দোষী সাব্যস্ত করে সাজা দেন। রায়ে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশও দেওয়া হয়।
পরে ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল ও জামিনের আবেদন করেন বিদিশা। হাইকোর্ট জামিন মঞ্জুর করার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পেলেন তিনি।
এসআর