[email protected] শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬ ১:৪৪ পিএম

সংগৃহীত ছবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ ও বদলি এবং বিভিন্ন ধরনের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি বিশেষ টিমও গঠন করা হয়েছে বলে জানা গেছে।

দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামকে অনুসন্ধান দলের প্রধান করা হয়েছে।

অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিন ব্যক্তি হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ করা হয়েছে।

অভিযোগের মধ্যে ঘুষের মাধ্যমে বিভিন্ন বেআইনি সুবিধা নেওয়া এবং অর্থপাচারের বিষয় রয়েছে।

এ ছাড়া বিদেশে অর্থ পাচার, অবৈধভাবে বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

দুদক সূত্র আরও জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় ক্রিকেট বোর্ডের বিভিন্ন বিষয়ে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও অনুসন্ধানের আওতায় এসেছে।

একই সময়ে তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করবে দুদক। অনুসন্ধান শেষে অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর