দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল বাড়াতে নতুন করে ৪ হাজার উপপরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের জনবল সংকট কমাতে ৪ হাজার নিরস্ত্র এসআই পদ সৃষ্টির পাশাপাশি ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবলের পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে।
এসব পদ অনুমোদন ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি রংপুরেও পুলিশের জনবল বাড়বে।
তিনি বলেন, পুলিশের সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে প্রয়োজনীয় যানবাহন ও জলযানের ঘাটতিও পূরণ করা হবে। রাজস্ব বাজেটের আওতায় এসব সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে।
সংসদে দেওয়া তথ্যে আরও জানানো হয়, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর বিভিন্ন ইউনিটে গ্রেড-১০-এর নিরস্ত্র এসআই পদে ৪ হাজার জন নিয়োগের একটি প্রস্তাব পুলিশ বিভাগের পক্ষ থেকে পাঠানো হয়েছে।
গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
দায়িত্ব নেওয়ার পর পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল ঘাটতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে নতুন জনবল নিয়োগের প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
এ নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছিলেন তিনি।
এসআর