[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

পাঁচ দেশে সম্পদের অভিযোগ: আসিফ মাহমুদ ও স্ত্রীর তথ্য চেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩:৩০ পিএম

সংগৃহীত ছবি

পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে সম্পদ অর্জন, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ অনুসন্ধানের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার স্ত্রীর আর্থিক তথ্য চেয়েছে সংস্থাটি।

 

এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র পাঠানোর অনুরোধ জানিয়েছে দুদক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের স্বাক্ষর করা চিঠিতে তাদের নামে দেশের বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা সব ধরনের হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

এর মধ্যে চালু, সুপ্ত ও বন্ধ হিসাবের পাশাপাশি ডেবিট-ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথিও রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার কিংবা শেল কোম্পানি গঠনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কোনো তথ্য বা নথি থাকলে তা সরবরাহ করতে হবে।

একই সঙ্গে বিদেশি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে ওই পাঁচ দেশে তাদের নামে কোনো ব্যাংক হিসাব, বিনিয়োগ বা অন্যান্য আর্থিক সম্পদের অস্তিত্ব রয়েছে কি না, সে সম্পর্কিত তথ্যও চাওয়া হয়েছে।

চিঠিতে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়েও উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক।

এসআর

সম্পর্কিত খবর