[email protected] শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:১১ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, রনজিনার ছিনতাই হওয়া মালামাল এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট নিহত শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ছিনতাই ও মৃত্যুর ঘটনায় মামলা করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়।

এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথেই এ ঘটনা ঘটে।

নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর