বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে যুক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সরাসরি কিংবা অনলাইন প্ল্যাটফর্ম—কোনো মাধ্যমেই বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত কোচিংয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত হওয়া যাবে না।
সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিচারকদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা বজায় রাখা এবং বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, বিচারিক সার্ভিসের কোনো সদস্য বাণিজ্যিক কোচিং প্রতিষ্ঠানের কার্যক্রমে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত হতে পারবেন না। একইভাবে কোচিংয়ের প্রচারে নিজেদের নাম, পদবি, ছবি বা পরিচয় ব্যবহার করার অনুমতিও দিতে পারবেন না।
এ ছাড়া বিচারিক দায়িত্ব পালনের সময় পাওয়া গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক কোনো তথ্য কোচিং কার্যক্রমে প্রকাশ বা ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বাণিজ্যিক কোচিংয়ের জন্য কোনো ধরনের শিক্ষা উপকরণ তৈরি, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহ করতেও বিচারকদের নিষেধ করা হয়েছে।
পরিপত্রে স্পষ্ট করা হয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
এসআর