[email protected] বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৬ ৬:৩১ পিএম

সংগৃহীত ফাইল

মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা দিয়ে নজরদারি শুরু হলে চাঁদাবাজি নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, পরিবহন মালিক, শ্রমিক সংগঠন কিংবা পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠলে ক্যামেরার ফুটেজ থেকে তা শনাক্ত করা সম্ভব হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নতুন এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় ও এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এসব ক্যামেরার মাধ্যমে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, ট্রাফিক আইন ভঙ্গ, বিপরীত দিক দিয়ে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং এবং সড়কের সাইন-সিগন্যাল অমান্যসহ বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে।

তিনি জানান, কোনো যানবাহন আইন লঙ্ঘন করলে সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা নির্ধারণ করা হবে।

পরে সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে পাঠানো হবে। জরিমানার বিষয়টি গাড়ির মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

জরিমানার অর্থ নির্ধারিত মোবাইল আর্থিক সেবার মাধ্যমে পরিশোধের ব্যবস্থাও রাখা হয়েছে।

কোনো যানবাহন তিনবার জরিমানার আওতায় পড়লে সেটির নিবন্ধন বাতিল করা হবে কি না, সে বিষয়ে বিআরটিএর প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালুর পর এর কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সমস্যা বা ত্রুটি দেখা দিলে তা সংশোধন করা হবে।

পরবর্তী সময়ে পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এ প্রযুক্তি চালু করার পরিকল্পনা রয়েছে।

নতুন এই ব্যবস্থার বিষয়ে চালক ও সাধারণ মানুষকে জানাতে হাইওয়ে পুলিশ এবং বাংলাদেশ পুলিশ গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাবে বলেও জানান তিনি।

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিন চাকার যানবাহনকে নিয়ন্ত্রণের আওতায় এনে একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হবে।

তবে মহাসড়কে নন-মোটরাইজড যানবাহন ও থ্রি-হুইলার চলাচলের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—সব পক্ষের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর