[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৬ ৩:৫৩ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামে হত্যা ও অস্ত্র আইনে দায়ের হওয়া দুটি পৃথক মামলায় অভিযুক্ত মোবারক হোসেন ইমন, যিনি ডেভিড ইমন নামে পরিচিত, তাকে মোট ১০ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, তদন্তের স্বার্থে দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

তবে আদালত প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড অনুমোদন করেন।

পুলিশ জানায়, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে কয়েকজন সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করা হয়।

পরে ২২ জুলাই মামলার এজাহারভুক্ত আসামি মিঠু ওরফে ধামা ইলিয়াছকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে তিনি সন্ত্রাসী চক্র, অস্ত্রের অবস্থান এবং সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি পুলিশের।

ওই তথ্যের ভিত্তিতে ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন (২৫), আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), মো. শামীম (২৮) এবং মো. সাফায়েত হোসেনকে (২৪) আটক করা হয়। এ অভিযানে যশোর জেলা পুলিশও অংশ নেয়।

পুলিশের দাবি, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

এছাড়া চট্টগ্রাম মহানগর, রাউজান ও রাঙ্গুনিয়ার একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এসআর

সম্পর্কিত খবর