[email protected] বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি, তারিখ এখনো চূড়ান্ত নয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ৪:৪১ পিএম

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ না হলেও নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয় শেষে তফসিল ঘোষণা করা হবে এবং গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

কমিশনের কার্যালয় থেকেই নির্বাচন-সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন হবে।

এছাড়া সংসদের অধিবেশন চলমান থাকুক বা না থাকুক, নির্বাচন পরিচালনায় কোনো ধরনের সমস্যা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

এএমএম নাসির উদ্দিন আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনসহ কমিশনের সামনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

সে কারণে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

সংসদীয় আসন বা অন্য কোনো বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বৈঠকে কেবল রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে। অন্য কোনো আঞ্চলিক আসন বা নির্বাচন-সংক্রান্ত বিষয় আলোচনায় আসেনি।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনি কর্তার দায়িত্ব পালন করেন।

স্পিকারের সঙ্গে আলোচনা করে তিনি তফসিল ঘোষণা করেন এবং এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন জাতীয় সংসদের সদস্যরা।

এসআর

সম্পর্কিত খবর