আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা স্থগিত কিংবা বিনা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা স্থগিত কিংবা বিনা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিষয়ে সরকার সংলাপে আগ্রহী হলেও নির্ধারিত সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার চায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিক।
আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটুক, সেটিও সরকার প্রত্যাশা করে না। তবে আন্দোলনের মাধ্যমে পরীক্ষা বাতিল বা অটোপাসের দাবি গ্রহণযোগ্য নয়।
মন্ত্রী জানান, এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অতীতে নির্বিচারে জিপিএ-৫ ও অটোপাস দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, সরকার সেই ধরনের কোনো উদ্যোগে ফিরতে চায় না।
শিক্ষার মান ক্ষুণ্ন হয়—এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান, গুজব বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে।
একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের পরীক্ষায় অংশগ্রহণে সহযোগিতা করার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার।
শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বা পরীক্ষা কার্যক্রমে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসআর