বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম এবং ছেলে সাফওয়ান সোবহানকে তিন মাসের জন্য বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির তাদের করা আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রোববার (৫ জুলাই) তাদের পক্ষে আইনজীবী এনামুল হক সর্দার বিদেশযাত্রার অনুমতি চেয়ে আবেদন দাখিল করেন। শুনানিতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী মামুন চৌধুরী যুক্তি উপস্থাপন করেন।
অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম, দেলোয়ার জাহান রুমি ও তরিকুল ইসলাম আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত বিষয়টি আদেশের জন্য রাখেন এবং পরে আবেদন মঞ্জুর করেন।
শুনানি শেষে দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি বলেন, বিদেশযাত্রার অনুমতির আবেদনের বিপক্ষে কমিশনের অবস্থান আদালতে তুলে ধরা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, গত বছরের ১৩ অক্টোবর আহমদ আকবর সোবহানসহ তার পরিবারের পাঁচ সদস্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। সে সময় আদালত আবেদনটি নাকচ করে দেন।
পরবর্তীতে চলতি বছরের ১৯ মে আফরোজা বেগম, সাফওয়ান সোবহান ও সাবরিনা সোবহানের বিদেশযাত্রার আবেদন নিয়ে শুনানি হয়। তখন দুদকের প্রতিবেদনে মানিলন্ডারিং-সংক্রান্ত অভিযোগের তদন্ত চলমান থাকার বিষয় উল্লেখ করে আফরোজা বেগম ও সাফওয়ান সোবহানের আবেদন নামঞ্জুর করা হয়।
তবে সাবরিনা সোবহানকে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে আফরোজা বেগম ও সাফওয়ান সোবহান উচ্চ আদালতে আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আহমদ আকবর সোবহানসহ তার পরিবারের আট সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুদকের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে অর্থপাচার, রাজস্ব ফাঁকি, ঋণ জালিয়াতি, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে। এসব অভিযোগের তদন্তের স্বার্থে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে কমিশন আদালতে উল্লেখ করেছিল।
তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আদালতে চূড়ান্ত কোনো রায় হয়নি এবং অনুসন্ধান প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআর