[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ৪:০৭ পিএম

সংগৃহীত ছবি

হামের সংক্রমণে এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শিশুটির বাবা সিরাজুল ইসলাম আবেদনটি দাখিল করেন। শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি।

 

মামলার আবেদনে অন্য দুই অভিযুক্ত হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নাম উল্লেখ করা হয়েছে।

 

আবেদন অনুযায়ী, জ্বরে আক্রান্ত ৯ মাস বয়সী শিশুকন্যা সাউদা মুসকানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের স্বল্পতা, চিকিৎসাসেবায় অবহেলা এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার কারণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে।

একই সঙ্গে সময়মতো হামের টিকা না পাওয়ায় সে সংক্রমিত হয়ে মারা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

বাদীর দাবি, সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছেন। এর ফলে দেশে বহু শিশু হামে আক্রান্ত হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে আবেদনে অভিযোগ করা হয়।

 

এছাড়া, অভিযুক্তদের বিরুদ্ধে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, আইনগত দায়িত্ব পালন এবং রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন না করার অভিযোগও আনা হয়েছে।

 

তবে এ বিষয়ে আদালত এখনো কোনো সিদ্ধান্ত দেননি। অভিযোগগুলোরও বিচারিকভাবে প্রমাণ হয়নি।

এসআর

সম্পর্কিত খবর