[email protected] সোমবার, ৬ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৬ ৭:৫৩ পিএম

সংগৃহীত ছবি

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ বাতিলসংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

সোমবার (৬ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী শরীফ ভূঁইয়া ও শিশির মনির অংশ নেন।

 

শুনানি শেষে আইনজীবী শরীফ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, মামলাটি দেশের নির্বাচনব্যবস্থা ও সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সম্পৃক্ত হওয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষ্য, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যে পরিবর্তন আনা হয়েছিল। তাই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি দেশের সর্বোচ্চ আদালত থেকেই হওয়া প্রয়োজন।

 

তিনি জানান, চলতি জুলাই মাসের মধ্যেই শুনানি শেষ হয়ে রায় ঘোষণার আশা রয়েছে। বর্তমানে তিনটি পৃথক আপিল একসঙ্গে শুনানি হচ্ছে। এর মধ্যে একটি সুজনের সম্পাদকসহ চার ব্যক্তির, একটি নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেনের এবং আরেকটি জামায়াতে ইসলামীর করা।

 

শরীফ ভূঁইয়া আরও বলেন, বর্তমান বেঞ্চের একজন বিচারপতি জুলাইয়ের মাঝামাঝি অবসরে যাওয়ার কথা রয়েছে। সে কারণে তার আগেই শুনানি শেষ করে রায় দেওয়া সম্ভব হবে বলে তারা আশা করছেন। অন্যথায় শুনানি অসম্পূর্ণ থেকে যেতে পারে।

 

এর আগে গত ১৩ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেয়। পরে এ বিষয়ে নিয়মিত শুনানি শুরু হয়।

 

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর পৃথক দুটি রিটের নিষ্পত্তি করে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে এবং তা বাতিলের রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে বিভিন্ন পক্ষ আপিল দায়ের করে।

 

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের একাধিক ধারায় পরিবর্তন আনা হয়েছিল। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পর সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক দুটি রিট আবেদন করা হয়, যার পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট ওই রায় প্রদান করেন।

এসআর

সম্পর্কিত খবর