[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

রামপুরায় হত্যা মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ পুলিশের রায় আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ৯:০৫ এএম

সংগৃহীত ছবি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি

 এবং দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। রোববার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেবেন।

প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই রায়ের মাধ্যমে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে, যা পুনর্গঠিত ট্রাইব্যুনালের পঞ্চম রায় হতে যাচ্ছে। বরাবরের মতোই রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

​মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত ১৫ জুন উভয়পক্ষের দ্বিতীয় দফার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়, যেখানে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অন্যদিকে মামলার একমাত্র উপস্থিত আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে তার আইনজীবী দাবি করেন, এই ঘটনার সঙ্গে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। চঞ্চল ছাড়া মামলার বাকি চার আসামি পলাতক রয়েছেন।

তারা হলেন— ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। এর আগে চলতি বছরের ৪ মার্চ মামলাটির রায় ঘোষণার দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের নতুন ডিজিটাল এভিডেন্স জমা দেওয়ার আবেদনের কারণে তা পিছিয়ে যায়।

​প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলি থেকে বাঁচতে রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশে রড ধরে ঝুলে থাকা আমির হোসেনের ওপর ছয় রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। এতে তিনি গুরুতর আহত হন।

একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নামের দুজন শহীদ হন এবং মায়া ইসলামের ছয় বছর বয়সী নাতি বাসিত খান মুসাও গুলিবিদ্ধ হয়, যে দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও এখনও কথা বলতে পারছে না। এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে গত বছরের ৭ আগস্ট ফরমাল চার্জ দাখিলের পর ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

এসআর

সম্পর্কিত খবর