[email protected] শনিবার, ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩

জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করলেন নেত্রকোণা পুলিশ সুপার

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ১২:৪৩ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোণার বায়তুস সালাম জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা করেছেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

শুক্রবার (২৬ জুন) শহরের বারহাট্টা রোড এলাকার রাজুর বাজারসংলগ্ন মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মাদক ও কিশোর গ্যাং দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ, গুজব মোকাবিলা, সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, রাজুর বাজার এলাকার দীর্ঘদিনের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি অন্যদের জন্যও অনুকরণীয়। এই সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পাশাপাশি মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের 'জিরো টলারেন্স' নীতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়।

এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে হবে। এতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সহজ হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা উচিত।

এ সময় রাজুর বাজারের প্রধান সড়ক ও মসজিদসংলগ্ন এলাকায় যানজট এড়াতে যত্রতত্র মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন পার্কিং না করার অনুরোধ জানান তিনি।

এছাড়া অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সভা শেষে যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নেত্রকোণা মডেল থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।

এসআর

সম্পর্কিত খবর