[email protected] মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩

মতপার্থক্যের জেরে ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আলোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ৬:৫৫ পিএম

সংগৃহীত ছবি

সরকারের বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৮ জন আইন কর্মকর্তা দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন

পদত্যাগকারীদের মধ্যে ১০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৮ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।

 

মঙ্গলবার (২৩ জুন) রাষ্ট্রপতির কাছে পৃথকভাবে পাঠানো পদত্যাগপত্রে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পদত্যাগকারী কর্মকর্তাদের অধিকাংশই জামায়াতপন্থি আইনজীবী হিসেবে পরিচিত।

 

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, জুলাই চার্টার বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বিচারক নিয়োগসংক্রান্ত সাম্প্রতিক সরকারি অবস্থান নিয়ে তাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা না হওয়া এবং বিচারক নিয়োগবিষয়ক অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেন।

 

তাদের বক্তব্য অনুযায়ী, এসব বিষয়ে সরকারের বর্তমান অবস্থান বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং সাংবিধানিক মূল্যবোধের জন্য দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

পদত্যাগকারী কর্মকর্তারা আরও বলেন, নীতিগত ও পেশাগত বিবেচনায় বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালন অব্যাহত রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই ব্যক্তিগত বিবেক ও আদর্শের জায়গা থেকে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করার অনুরোধও জানিয়েছেন।

 

এ ঘটনায় আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, একসঙ্গে এত সংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগ বিচার প্রশাসনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হবে।

এসআর

সম্পর্কিত খবর