ঢাকার একটি আদালত স্ত্রী আফরা ইভনাত ইকরার মৃত্যুকে কেন্দ্র করে দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় টেলিভিশন অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালেও তা নাকচ করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে হাজির হয়ে অভিনেতা তাঁর আইনজীবীদের মাধ্যমে জামিন চান।
শুনানি শেষে আদালত আবেদন গ্রহণ না করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, জাহের আলভীর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এবং তিনি ঘটনাটির সঙ্গে জড়িত নন।
তাদের বক্তব্য অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে প্রতিহিংসামূলকভাবে মামলাটি করা হয়েছে। এছাড়া মামলার সময় তিনি দেশের বাইরে নেপালে নাটকের শুটিংয়ে ছিলেন বলেও আদালতে উল্লেখ করা হয়।
অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে বলেন, মামলার অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন।
উল্লেখ্য, জাহের আলভী ও আফরা ইভনাত ইকরার বিয়ে হয়েছিল ২০১০ সালে। তাদের এক ছেলে সন্তান রয়েছে। একই মামলায় এর আগে গত ৪ জুন অভিনেতার মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।
এসআর