বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সম্প্রতি চালু হওয়া পোশাকের রঙ পরিবর্তন করে আগের একটি পরিচিত রঙ বিন্যাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দপুলিশ সদর দপ্তর থেকে বৃহস্পতিবার (১৮ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর কিছু ধারা সংশোধনের কথা উল্লেখ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, মেট্রোপলিটন এলাকায় কর্মরত পুলিশ সদস্যরা হালকা অলিভ রঙের শার্ট পরবেন।
অন্যদিকে মেট্রোপলিটনের বাইরে কর্মরত সদস্যদের জন্য নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল রঙের শার্ট। উভয় ক্ষেত্রেই খাকি রঙের ট্রাউজার বা প্যান্ট ব্যবহার করা হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ আইন ১৮৬১-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে সরকারের অনুমোদনক্রমে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।
সংশোধিত বিধানে পূর্বে নির্ধারিত শার্ট ও ট্রাউজারের রঙ পরিবর্তন করে নতুন রঙ নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই রঙ বিন্যাস অনেকটাই ২০০১ থেকে ২০০৬ সময়কালে ব্যবহৃত পুলিশ ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশের পোশাকে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল।
তখন আয়রন রঙের শার্ট এবং কফি রঙের ট্রাউজার চালু করা হয়। তবে সেই পোশাক নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।
সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে আবারও বাহিনীর পোশাকে নতুন পরিবর্তন এলো, যা শিগগিরই মাঠপর্যায়ে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআর