[email protected] বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন ২০২৬ ৯:৩৩ এএম

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক

 সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য রয়েছে আজ। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে।

​মামলার সব আসামিই বর্তমানে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলছে এবং আসামিদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। শামীম ওসমান ছাড়া মামলার অন্য আসামিরা হলেন—তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, ডিবিসি টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্না, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, এবং ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

​এর আগে গত ১৩ মে প্রসিকিউশনের আনা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে এই ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়ে আজকের দিনটি ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। চলতি বছরের ১৯ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগটি আমলে নেওয়া হয়েছিল।

​প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের বিবরণ অনুযায়ী, প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া এবং ফতুল্লা থানার সাইনবোর্ডসহ আশপাশের এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল ও ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জনকে হত্যার কথা উল্লেখ রয়েছে। দ্বিতীয় অভিযোগে ২১ জুলাই ফতুল্লা থানার ভূইগড় বাসস্ট্যান্ডের সামনে আবদুর রহমান ও মোহাম্মদ রাকিবকে হত্যা এবং তৃতীয় অভিযোগে ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর