রাজধানীর মিরপুরে নূর জাহান বেগম নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যুকে ঘিরে সন্তানদের অবহেলার অভিযোগ সামনে এসেছে।
এ ঘটনায় তার এক সন্তান, যিনি বর্তমানে যুগ্ম সচিব পদে কর্মরত, তার বিরুদ্ধে বিদ্যমান আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।
বুধবার (৩ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, পিতা-মাতার ভরণপোষণ সংক্রান্ত যে আইন রয়েছে, সেই আইনের বিধান অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য নেওয়াসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রীর ভাষ্য, ঘটনার সব দিক যাচাই-বাছাই করে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করছে।
জানা গেছে, প্রয়াত নূর জাহান বেগমের পরিবারের সদস্যদের মধ্যে একজন যুগ্ম সচিব, একজন শিক্ষক এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তার ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয় এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নির্ধারণ করা হবে।
এসআর