রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ক্লুলেস মামলার রায় ঘোষণা করা হচ্ছে
আজ। রোববার (৭ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।
ইতোমধ্যে মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতের এজলাসে তোলা হয়েছে। অন্যদিকে মেয়ের হত্যাকাণ্ডের রায় শুনতে সকালে আদালত প্রাঙ্গণে হাজির হয়েছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। স্পর্শকাতর এই মামলার রায়কে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
গত ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন। মাত্র চার কার্যদিবসের মধ্যে এই চাঞ্চল্যকর মামলার বিচারকাজ সম্পন্ন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আদালত। মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৯ মে পল্লবীতে নিজ বাসা থেকে বের হওয়ার পর শিশু রামিসাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান প্রতিবেশী ভাড়াটিয়া স্বপ্না আক্তার।
পরে সেখানে তাকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। অনেক খোঁজাখুঁজির পর আসামিদের ঘর থেকেই শিশুটির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেন স্বজনরা। এই ঘটনায় ২০ মে পল্লবী থানায় মামলা দায়ের করেন রামিসার বাবা। ঘটনার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আলোড়ন সৃষ্টি হয়। দ্রুততম সময়ে শেষ হওয়া এই বিচারের চূড়ান্ত রায়ের দিকে এখন তাকিয়ে আছে রামিসার পরিবারসহ গোটা দেশ।
এসআর