রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা আলোচিত মামলার যুক্তিতর্ক শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা মহানগর শিশু নির্যাতন ও সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে বুধবার মামলার দুই আসামির আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরে আদালত উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা যায়, শুনানিকালে বিচারক মামলার সাক্ষ্য, আলামত এবং তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য আসামিদের সামনে উপস্থাপন করেন।
এর মধ্যে শিশুটিকে খোঁজার প্রক্রিয়া, সংশ্লিষ্ট বাসা শনাক্তকরণ, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত এবং মরদেহ উদ্ধারের বিষয়গুলো উল্লেখ করা হয়। পাশাপাশি মামলার অভিযোগে অন্য আসামির ভূমিকা সম্পর্কেও আদালতে আলোচনা হয়।
শুনানির সময় প্রধান আসামি সোহেল রানা আদালতের কাছে নিজের বক্তব্য উপস্থাপন করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি তার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে নির্দোষ দাবি করেন।
অন্যদিকে সহ-আসামি স্বপ্না আক্তারও আদালতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। আদালতের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
দুই আসামির বক্তব্য গ্রহণের পর বিচারক মামলার পরবর্তী ধাপ হিসেবে যুক্তিতর্ক শুনানির দিন নির্ধারণ করেন। আজকের শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের চূড়ান্ত আইনি যুক্তি উপস্থাপন করবে।
আইন সংশ্লিষ্টদের মতে, যুক্তিতর্ক পর্ব শেষ হওয়ার পর মামলাটি রায় ঘোষণার জন্য প্রস্তুত হবে এবং আদালত যে কোনো দিন রায়ের তারিখ নির্ধারণ করতে পারেন।
এসআর